মহাজাগতিক মৌনতা: দ্য প্রিডেটরস ইকুয়েশন
Fiction YQWE

মহাজাগতিক মৌনতা: দ্য প্রিডেটরস ইকুয়েশন

By Mokammel MorshedDec 13, 20255 min

(১) কেস স্টাডি: কেআইসি ৮৪৬২৮৫ ট্যাবি'স স্টার (KIC 8462852 Alien Theory)

গল্পটা শুরু করি একটা অমীমাংসিত রহস্য দিয়ে। এটা কোনো সায়েন্স ফিকশন নয়, এটা নাসা-র অফিসিয়াল রেকর্ড। ২০১৫ সাল। কেপলার টেলিস্কোপ আমাদের গ্যালাক্সির একটা অদ্ভুত নক্ষত্রের দিকে নজর দিল। নক্ষত্রটার নাম KIC 8462852 (Tabby's Star)। পৃথিবী থেকে প্রায় ১,৪৭০ আলোকবর্ষ দূরে।

সাধারণত কোনো গ্রহ যখন তার নক্ষত্রের সামনে দিয়ে যায়, তখন নক্ষত্রের আলো খুব সামান্য কমে (সর্বোচ্চ ১%)। কিন্তু ট্যাবি'স স্টারের ক্ষেত্রে বিজ্ঞানীরা দেখলেন এক অসম্ভব ঘটনা। নক্ষত্রটার আলো হঠাৎ করে ২২% কমে গেল! যেন বিশাল কিছু একটা নক্ষত্রটাকে ঢেকে ফেলছে। কোনো গ্রহ এত বড় হতে পারে না। ধূলিকণাও এত ঘন হতে পারে না। তবে ওটা কী ছিল?

জ্যোতির্বিজ্ঞানীরা ফিসফিস করে একটা শব্দ উচ্চারণ করলেন— “এলিয়েন মেগাস্ট্রাকচার” বা “ডাইসন সোয়ার্ম”। ধারণা করা হলো, কোনো টাইপ-২ সভ্যতা ওই নক্ষত্রটির চারপাশ ঘিরে সোলার প্যানেল বসাচ্ছে শক্তি চুষে নেওয়ার জন্য। পৃথিবী জুড়ে তোলপাড় শুরু হলো। আমরা কি অবশেষে তাদের খুঁজে পেলাম? SETI সাথে সাথে তাদের শক্তিশালী রেডিও টেলিস্কোপ ওই নক্ষত্রের দিকে তাক করল।

কিন্তু তারপর সব চুপ। কোনো সিগন্যাল নেই। কোনো রেডিও ওয়েভ নেই। সবচেয়ে ভয়ংকর ব্যাপার—কয়েক বছর পর দেখা গেল নক্ষত্রটি তার স্বাভাবিক উজ্জ্বলতাও হারাচ্ছে। যেন কেউ ওপাশে বসে নক্ষত্রটার “ডিমার সুইচ” কমিয়ে দিচ্ছে। অথবা… কেউ ভয়ে নক্ষত্রটাকে ঢেকে ফেলছে।

(২) গেম থিওরি: সন্দেহের জ্যামিতি

কেন তারা লুকিয়ে পড়বে? তারা তো টাইপ-২ সভ্যতা! তারা আমাদের চেয়ে কোটি গুণ শক্তিশালী! এখানেই আসে মহাবিশ্বের সবচেয়ে ভয়ংকর সূত্র— “The Chain of Suspicion”

প্রিজনার্স ডিলেমা গেমে দুটি সভ্যতা আছে—সভ্যতা ‘ক’ (আমরা) ও সভ্যতা ‘খ’ (ওরা)। কেউ কাউকে চেনে না। অপশন দুটো: যোগাযোগ করা অথবা আক্রমণ করা।

লজিকটা নির্মম। আমরা ভালো হলে আর ওরা খারাপ হলে—আমরা ধ্বংস। আমরা আক্রমণ করলে—অন্তত বেঁচে থাকব। মহাবিশ্বের দূরত্ব এত বেশি যে, হাজার বছরে একটি সভ্যতা সম্পূর্ণ বদলে যেতে পারে। তাই গণিত বলছে— “Never trust anyone.”

এটা ঘৃণা নয়। এটা টিকে থাকার অংক। আমরা যেমন মশা মারি—ঘৃণায় নয়, ঝুঁকি এড়াতে—ঠিক তেমনি শক্তিশালী সভ্যতাগুলো দুর্বলদের মেরে ফেলে। ট্যাবি'স স্টারের সভ্যতা হয়তো এই অংকটা জানত না। ফলাফল— একটি নক্ষত্রের মৃত্যু

(৩) শিকারির স্বরূপ: তারা দেখতে কেমন?

মুভির এলিয়েনরা হাস্যকর। যেই সভ্যতা নক্ষত্র ধ্বংস করতে পারে, তাদের আমাদের পানির দরকার নেই। তাহলে তারা কেমন?

লজিক বলছে তারা Post-Biological। মাংস দুর্বল। রেডিয়েশন সহ্য করতে পারে না। তাই টাইপ-২ বা টাইপ-৩ শিকারি সভ্যতা হবে পুরোপুরি Machine Intelligence।

কল্পনা করুন একটি “Paperclip Maximizer” AI। তার কোনো নৈতিকতা নেই। সে পৃথিবীকে দেখবে রিসোর্স হিসেবে—কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন।

তাদের ডেথ-স্টার লাগবে না। আলোর গতির ৯৯% বেগে একটি ছোট পাথরই যথেষ্ট। একে বলে Relativistic Kill Vehicle। এটা যুদ্ধ নয়। এটা Pest Control।

(৪) আমরা কি ডিনার বেল বাজাচ্ছি?

আমরা জানি চুপ থাকাই নিরাপদ। তবু গত ১০০ বছরে আমরা কী করেছি?

১৯৭৪ সালে Arecebo Message। ১৯৭৭ সালে Voyager। ডিএনএ, ম্যাপ, মানুষের ছবি—সব পাঠানো হয়েছে। আমরা পৃথিবীকে বানিয়েছি একটি উজ্জ্বল বাতিঘর


"The universe is a dark forest. Every civilization is an armed hunter..."

আমরা হয়তো বেঁচে আছি কারণ সিগন্যাল এখনো পৌঁছায়নি। অথবা পৌঁছেছে—আর শিকারি রওনা দিয়েছে। হয়তো তারা 'সোফন' পাঠিয়ে আমাদের বিজ্ঞানকে পঙ্গু করে দিচ্ছে।

গত ৫০ বছরে ফান্ডামেন্টাল ফিজিক্সে বড় ব্রেকথ্রু নেই। এটা কি কাকতালীয়? নাকি কেউ আমাদের ইচ্ছাকৃতভাবে থামিয়ে রেখেছে?

(৫) শেষের সমীকরণ

ট্যাবি'স স্টার এখন ম্লান। বিজ্ঞানীরা ধুলোর কথা বলেন। কিন্তু লজিক বলে—মহাবিশ্ব নীরব, কারণ মৃতরা কথা বলে না।

আমরাই অবুঝ শিশু, যারা অন্ধকারের দিকে হাসছি। কিন্তু মনে রাখবেন— অন্ধকারেরও চোখ আছে। এবং সে তাকিয়ে আছে আমাদের দিকেই।